২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের ১৪ মার্চ তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল শেষ হবে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সিদ্ধান্ত ছিল, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি শুরু হবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ।
সংশ্লিষ্টরা জানান, গত কয়েক বছর ধরে এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনাভাইরাসের কারণে সেই সূচিতে পরিবর্তন আসে।
এর আগে গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবনের মূল্যবান সময় সাশ্রয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার সম্ভাব্যতা যাচাইসহ বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন