পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। দীর্ঘ এই লড়াইয়ের মধ্যেই নতুন করে শারীরিক পরীক্ষার মুখোমুখি হয়েছেন তিনি। প্রায় তিন মাস আগে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট শনাক্ত হয়েছে তার শরীরে। এবার তিনি ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের বর্তমান চিকিৎসা, শারীরিক অবস্থা ও মানসিক প্রস্তুতির কথা জানিয়েছেন সামিয়া।
সামিয়া জানান, তিন মাস আগে পরীক্ষার পর চিকিৎসকরা তার শরীরে দ্বিতীয় ম্যালিগন্যান্ট শনাক্ত করেন। এরপর দ্রুত তার অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। বর্তমানে তাকে কেমোথেরাপি নিতে হচ্ছে।
এবারের চিকিৎসার অভিজ্ঞতা তার কাছে কিছুটা ভিন্ন বলেও জানান সামিয়া। তিনি বলেন, গত পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। প্রথমবার তাকে কেমোথেরাপি নিতে হয়নি; ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলেছিল।
এবার কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন। তবে বিষয়টি নিয়ে মন খারাপ না করে মানসিকভাবে প্রস্তুত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চুল পড়ে যাওয়ার আগেই নতুন হেয়ারকাট করে সেই লুককে ইতিবাচকভাবে গ্রহণ করার চেষ্টা করছেন এই অভিনেত্রী।
নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে সামিয়া লিখেছেন, ‘ডাক্তার বলেছেন, কেমোর কারণে চুল পড়ে যেতে পারে। তাই বিষয়টাকে নিয়ে মন খারাপ না করে বরং স্পন্টেনিয়াসলি অ্যাকসেপ্ট করার সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু নিয়ে মন খারাপ করে তো লাভ নেই—সময়য়ের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করতে পারাটাই আসল।’
ক্যানসারজয়ের গল্প জানিয়েছিলেন ২০২৫ সালে
এর আগে ২০২৫ সালের মার্চে নিজের ক্যানসারজয়ের গল্প প্রকাশ্যে এনেছিলেন সামিয়া আফরিন। তখন তিনি জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে চতুর্থ স্টেজের ক্যানসার শনাক্ত হয়।
প্রায় দুই বছর ধরে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে ক্যানসারে আক্রান্ত রোগীদের সহায়তায় একটি ফাউন্ডেশন গড়ে তুলে তাদের পাশে দাঁড়ানোর কাজও শুরু করেন সামিয়া।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন