১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক ‘হ্যান্ড অব গড’ গোলের ম্যাচে ব্যবহৃত বলটি নিলামে ৩৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডালাসভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশন্স আয়োজিত নিলামে ঐতিহাসিক এই বলটি বিক্রি করা হয়।
১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ের ঐতিহাসিক কোয়ার্টার ফাইনাল ম্যাচে অ্যাডিডাসের তৈরি ‘অ্যাজটেকা’ বলটি ব্যবহার করা হয়েছিল। ওই ম্যাচেই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুটি গোল করেছিলেন ম্যারাডোনা।
ম্যাচের ৫১তম মিনিটে ইংলিশ গোলরক্ষক পিটার শিল্টনের মাথার ওপর দিয়ে হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। রেফারির চোখ এড়িয়ে যাওয়া সেই গোলটি পরে ফুটবল বিশ্বে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিতি পায়।
এর মাত্র চার মিনিট পর নিজেদের অর্ধ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় ইংল্যান্ডের পাঁচ খেলোয়াড়কে কাটিয়ে অসাধারণ গোল করেন ম্যারাডোনা। গোলটি পরবর্তীতে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে স্বীকৃতি পায়।
ফটো-ম্যাচিংয়ে নিশ্চিত হয়েছে বলটির সত্যতা
হেরিটেজ অকশন্স জানিয়েছে, ম্যাচের মূল ছবি ও ভিডিওর সঙ্গে ফটো-ম্যাচিং প্রযুক্তি ব্যবহার করে নিলামে তোলা বলটির সত্যতা নিশ্চিত করা হয়েছে।
নিলামের আগে স্মারক সংগ্রাহকদের কেউ কেউ ধারণা করেছিলেন, বলটির দাম ১ কোটি মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে। তবে শেষ পর্যন্ত ৩৩ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছে এটি।
ঐতিহাসিক বলটির মূল মালিক ছিলেন ওই ম্যাচের দায়িত্বে থাকা তিউনিসিয়ার রেফারি আলি বিন নাসের। ৩৬ বছর নিজের কাছে রাখার পর ২০২২ সালে লন্ডনের একটি নিলামে তিনি বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি করেন। এরপর হাতবদল হয়ে এবার ডালাসের নিলামে ওঠে বলটি।
ম্যারাডোনার জার্সিও বিক্রি হয়েছিল কোটি টাকায়
ওই ম্যাচে ম্যারাডোনার পরা ঐতিহাসিক নীল জার্সিটি ২০২২ সালে সোথবির নিলামে ৯৩ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল।
তবে ‘হ্যান্ড অব গড’ ম্যাচের বলটি বিক্রি হলেও খেলায় ব্যবহৃত বলের সর্বোচ্চ দামের রেকর্ড ভাঙতে পারেনি।
মেজর লিগ বেসবলে শোহেই ওতানির এক মৌসুমে ঐতিহাসিক ৫০তম হোম রানের বলটি ৪৩ লাখ ৯২ হাজার ডলারে বিক্রি হয়েছিল। খেলায় ব্যবহৃত বলের নিলামমূল্যের তালিকায় এটিই এখনো শীর্ষে রয়েছে।
অন্যদিকে সব ধরনের ক্রীড়া স্মারকের মধ্যে সর্বোচ্চ বিক্রির রেকর্ড রয়েছে বেবে রুথের ১৯৩২ সালের ওয়ার্ল্ড সিরিজের জার্সির। ২০২৪ সালে সেটি ২ কোটি ৪১ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন