রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫৩টি মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ২৩ জন, ওয়ারীতে ৭২ জন, মতিঝিলে ৭৫ জন, তেজগাঁওয়ে ৫৩ জন, মিরপুরে ১২৭ জন, গুলশানে ৪২ জন, উত্তরা বিভাগে ৭০ জন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।
অভিযান চলাকালে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩২ হাজার ১৬১টি ইয়াবা, ২০ কেজি ৭১১ গ্রাম গাঁজা ও দুই গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ।
এ সময় ১৭টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার ও একটি সিএনজি জব্দ করা হয়েছে। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন