পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে সাতজন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৫ আগস্ট) রাতে সদর উপজেলার জগদল সর্দারপাড়া, যমভিটা, দেওয়ানহাট সাইরুল মার্কেটসহ বিভিন্ন এলাকায় পৃথকভাবে শিয়ালের আক্রমণের ঘটনা ঘটে।
আহতরা হলেন—সর্দারপাড়া এলাকার মোস্তফা (৩৫), বিপ্লব (২৩), রিনা (৩৮), মনিরা (৪০), যমভিটা এলাকার আওয়াল (২৯) ও সৌরভ (৩০) এবং বসুনিয়াপাড়ার জয়নাল (৩৫)।
আহত ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতে বিভিন্ন সড়কে অবস্থান ও গল্পগুজব করার সময় হঠাৎ শিয়ালগুলো বিচ্ছিন্নভাবে তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজনের হাত, পা ও কোমরে কামড়ের ক্ষত হয়।
পরে আহতরা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের শরীরে একাধিক ক্ষত থাকায় ক্ষতের ধরন অনুযায়ী প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোখলেছুর রহমান বলেন, শিয়ালের আক্রমণে আহত হয়ে সাতজন হাসপাতালে এসেছিলেন। তাদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তারা বাড়িতে ফিরে গেছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন