দিনাজপুরে বিএডিসির সরকারি সার গোডাউন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ৩২৭ দশমিক ৪৫ মেট্রিক টন সার বিক্রির অভিযোগে মো. আকতারুল ইসলাম নামে এক স্টোরকিপারকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার নশিপুর এলাকায় বিএডিসির সরকারি সার গোডাউনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সরকারি গোডাউন থেকে বিপুল পরিমাণ সার অনুমোদন ছাড়াই বিক্রির অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন ও কোতোয়ালি থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এ সময় গোডাউনের স্টোরকিপার আকতারুল ইসলামকে আটক করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকতারুল ইসলাম গত জুলাই ও আগস্ট মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই মোট ৩২৭ দশমিক ৪৫ মেট্রিক টন সার বিক্রির কথা স্বীকার করেছেন।
বিক্রি করা সারের মধ্যে ২২৭ মেট্রিক টন ডিএপি এবং ১০০ দশমিক ৪৫ মেট্রিক টন এমওপি সার রয়েছে।
এ ঘটনায় বিএডিসির দুই চুক্তিবদ্ধ ডিলারকেও আসামি করা হয়েছে। তারা হলেন—বীরগঞ্জ উপজেলার সোহাগ হোসেন ও কাহারোল উপজেলার আনসারুল ইসলাম।
বিএডিসির সহকারী পরিচালক (সার) খুরশিদ আলম বাদী হয়ে এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা করেছেন।
বিএডিসি সূত্র জানায়, নশিপুরে ‘কাঞ্চন’ ও ‘স্টিল’ নামে দুটি সার গোডাউন রয়েছে। গোডাউন দুটির মোট ধারণক্ষমতা প্রায় ১৮ হাজার মেট্রিক টন। সেখানে এমওপি, ডিএপি ও টিএসপি সার মজুদ রাখা হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর নবী জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শেষে এর সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন