‘বরবাদ’ সিনেমার আলোচিত গান ‘আয় আয় চাঁদমামা’ দিয়ে পরিচিতি পাওয়া কণ্ঠশিল্পী দোলা রহমান এবার সিনেমার বাইরে নতুন ডান্স নাম্বার নিয়ে হাজির হয়েছেন। ‘কিসমত’ শিরোনামের পার্টি মুডের দ্বৈত গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘ডি রকস্টার’ নিলয়।
গানটির কথা লিখেছেন গীতিকার আসিফ ইকবাল। সুর ও সংগীত পরিচালনা করেছেন আদিব কবির। গানটির র্যাপ অংশেও কণ্ঠ দিয়েছেন আদিব।
পার্টি মুডের এ গানটির ভিডিওতে রয়েছে জমকালো আয়োজন, নাচ ও প্রাণবন্ত পরিবেশ। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু এবং কোরিওগ্রাফি করেছেন রুহুল আমিন। দোলা ও নিলয়ের পাশাপাশি ভিডিওতে অংশ নিয়েছেন একঝাঁক নৃত্যশিল্পী।
‘কিসমত’ নিয়ে যা বললেন দোলা
গানটি প্রসঙ্গে দোলা রহমান বলেন, ‘কিসমত’ মূলত একটি ডান্স নাম্বার। গানটি শুনলেই একধরনের আনন্দের অনুভূতি তৈরি হবে এবং স্বাভাবিকভাবেই নাচতে ইচ্ছা করবে।
তিনি বলেন, আসিফ ইকবালের লেখা তার বরাবরই ভালো লাগে। এবারও তার কথায় গানটি তৈরি হয়েছে। আদিব গানটির সুর ও সংগীত করেছেন। দোলা ও নিলয় গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিওতেও পারফর্ম করেছেন।
দোলার ভাষায়, সব মিলিয়ে গানটি অনেকটা সিনেমার আইটেম গানের আবহ তৈরি করেছে। শ্রোতাদের মধ্যে গানটি ‘নাচের ঢেউ’ তুলবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আসিফ ইকবালের প্রত্যাশা
গীতিকার আসিফ ইকবাল বলেন, ‘ময়না’র পর তারা আরও একটি ডান্স নাম্বার করার চেষ্টা করেছেন। দোলা ও নিলয় গানটি খুব ভালো গেয়েছেন।
গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে তানিম রহমান অংশু চমৎকার একটি ভিডিও নির্মাণ করেছেন বলেও জানান তিনি। সব মিলিয়ে গানটি বেশ প্রাণবন্ত হয়েছে এবং দর্শক-শ্রোতাদের ভালো লাগবে বলে প্রত্যাশা তার।
নিলয়ের কণ্ঠে ‘কিসমত’ নিয়ে উচ্ছ্বাস
নিলয় বলেন, ‘কিসমত’ দারুণ একটি ডান্স নাম্বার। শুটিংয়ের সময় তারাও গানের সঙ্গে অনেকটা সময় নেচেছেন। পুরো আয়োজনটিই ছিল আনন্দের।
গানটি প্রকাশের পর দর্শকরাও গানের তালে নাচবেন বলে আশা প্রকাশ করেন তিনি। ‘ময়না’র পর গানচিল মিউজিকের সঙ্গে এটি আরেকটি আনন্দের কাজ বলেও উল্লেখ করেন নিলয়।
‘কিসমত’ গানটি ইউটিউবের পাশাপাশি স্পটিফাইসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন