একসময় প্রেমের সম্পর্কে ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরে তাদের মধ্যে তৈরি হয় দীর্ঘ দূরত্ব। তবে সেই দূরত্ব পেরিয়ে বহু বছর পর আবারও পর্দায় একসঙ্গে ফিরেছেন তারা। এবার পুরোনো সেই অধ্যায়ের গল্প বলতে গিয়ে দেব জানালেন, এক রাতে ঠিক ২টার সময় শুভশ্রীকে করা একটি ফোনের কথা। তার ভাষায়, সেই ফোনের পর থেকেই যেন শুরু হয়েছিল নতুন এক ‘শুভ’ যাত্রা।
ঘটনাটি ৩১ ডিসেম্বরের রাতের। দেবের কাছে তখন শুভশ্রীর ফোন নম্বর ছিল না। পরে নিজের সহকারী সায়ন্তনের কাছ থেকে নম্বর নেন তিনি। সায়ন্তনের ফোনে নম্বরটি ‘শুভশ্রীদি অ্যাক্টেস’ নামে সেভ করা ছিল। এরপর রাত ২টার দিকে শুভশ্রীকে ফোন করেন দেব।
সেই সময়ের কথা স্মরণ করে দেব বলেন, “তারপর সেই দিন থেকে আজকে, এই জার্নিতে সব ভালো ভালো আর ভালোই হয়ে গেছে, সব শুভ আর শুভ আর শুভই হয়ে গেছে।”
দেবের এই শব্দের খেলায় উপস্থিত সবাই হেসে ওঠেন। পরিস্থিতি সামলাতে অভিনেতা মজা করে বলেন, “না না, আমি ইনডাইরেক্টলি কাউকে মিন করতে চাইছি না। আমার বাংলাটা এখন আগের চেয়ে অনেকটা শুদ্ধ হয়ে গেছে দাদাগিরি করে!”
‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে বহু বছর পর বড়পর্দায় একসঙ্গে ফিরেছেন দেব ও শুভশ্রী। ২০২৫ সালে সিনেমাটি মুক্তির পর তাদের পুরোনো রসায়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এর আগে প্রায় এক দশক তাদের একসঙ্গে পর্দায় দেখা যায়নি।
‘ধূমকেতু’র পর আবারও নতুন সিনেমায় একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। নতুন সিনেমাটির নাম ‘দেশু সেভেন’। সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে। শুধু অভিনয় নয়, এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন দেব।
‘দেশু সেভেন’-এর শুটিং শেষ হওয়ার পর দেবের পরিচালনা নিয়ে প্রশংসা করেছেন শুভশ্রী। একই সময়ে ক্যারিয়ার শুরু করলেও এই সিনেমার অভিজ্ঞতা তাদের জন্য একেবারেই আলাদা বলে জানিয়েছেন তিনি।
এদিকে ‘দেশু সেভেন’ নিয়ে দেব-শুভশ্রীর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সিনেমাটির পোস্টার ও শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন করে আলোচনায় এসেছে জনপ্রিয় এই জুটি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন