সাতক্ষীরার পাটকেলঘাটায় সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৬টা ২০ মিনিটে থানাধীন শাকদা ব্রিজসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনন্দ দাস শাকদা গ্রামের মৃত কৃষ্ণপদ দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আনন্দ দাস শাকদা ব্রিজসংলগ্ন মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪৪৬২) তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন। পরে আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পাটকেলঘাটা থানা-পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে মহাসড়কের পাশে রয়েছে। নিহত আনন্দ দাসের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ আরও জানায়, পালিয়ে যাওয়া বাসচালক ও হেলপারকে আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন