কক্সবাজার শহরের রেনেসাঁ হোটেলের বারে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে রাশেদ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সোলাইমান নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
পুলিশ জানায়, নিহত রাশেদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সিসিটিভি ফুটেজ ও বারে কর্মরতদের দেওয়া তথ্যের বরাতে পুলিশ জানায়, ঘটনার আগে বারে বসা কয়েকজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে বাইরে থেকে দুজনকে ডেকে আনা হয়। পরে তাদের সঙ্গে বারে থাকা ব্যক্তিদের হাতাহাতি শুরু হলে রাশেদ গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান, বাইরে থেকে আসা দুজনের একজন ছিলেন রাশেদ। বারের ভেতরে থাকা ব্যক্তিদের সঙ্গে তাদের হাতাহাতির একপর্যায়ে রাশেদকে মারধর করা হয়।
তিনি বলেন, বারের ভেতরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর রাতেই সোলাইমান নামে একজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের কাজ চলছে।
তদন্তের স্বার্থে আলামত সংগ্রহ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বারটি বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
এ ছাড়া বারের নিরাপত্তা ও প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন