এশিয়ার নারী ক্রিকেটের অন্যতম বড় আসর নারী এশিয়া কাপের দশম সংস্করণ আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে বসতে যাওয়া এবারের আসরটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগামী ১৩ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।
আট দল নিয়ে আয়োজিত এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে নিগার সুলতানা জ্যোতির দলের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।
অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং।
বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হবে আগামী ৩১ আগস্ট। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর শক্তিশালী শ্রীলংকার বিপক্ষে খেলবে টাইগ্রেসরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৮ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এশিয়া কাপে বাংলাদেশের সাফল্যের ইতিহাসও বেশ উজ্জ্বল। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসরে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ। এ ছাড়া ২০১২ ও ২০২৪ সালের আসরে সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল দলটি।
এবারের আসরে দুই গ্রুপের প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে।
১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের শীর্ষ দল খেলবে ‘বি’ গ্রুপের দ্বিতীয় দলের বিপক্ষে। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই গ্রুপের বিপরীত অবস্থানের দল। ১৩ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নারী এশিয়া কাপের দশম আসরের।
নারী এশিয়া কাপে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল ভারত। সাতবার শিরোপা জিতেছে তারা। শ্রীলংকা ও বাংলাদেশ একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স-আপ হয়েছে শ্রীলংকা পাঁচবার এবং ভারত ও পাকিস্তান দুবার করে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন