বিমা কোম্পানিগুলোর তথ্যের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গোপন বা অতিরিক্ত ‘ডাবল সার্ভার’ ছয় সপ্তাহের মধ্যে বন্ধ করে সব তথ্য একীভূত করার নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
নির্দেশনা না মানলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। তিনি বলেন, বিমা কোম্পানিগুলো নিয়ন্ত্রক সংস্থাকে দেওয়া তথ্যে অনেক সময় প্রকৃত চিত্র তুলে ধরে না। এমনকি গ্যারেজ কিংবা বিছানার নিচে সার্ভার লুকিয়ে রাখলেও তা শনাক্ত করা হবে।
শুক্রবার কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইডিআরএ চেয়ারম্যান জানান, আগামী ডিসেম্বরের মধ্যে বিমা খাতে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি আগামী তিন থেকে চার মাসের মধ্যে অভিন্ন ‘ইউনিক পলিসি আইডি’ চালু করা হবে।
তিনি আরও বলেন, আগামী সপ্তাহ থেকে সংকটে থাকা কয়েকটি বিমা কোম্পানির সম্পদ বিক্রি ও নগদায়নের মাধ্যমে পাওয়া অর্থ দিয়ে গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ শুরু হবে। প্রথম ধাপে সাত থেকে আটটি কোম্পানিকে এ কার্যক্রমের আওতায় আনা হচ্ছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সমন্বিতভাবে কাজ করে বিমা কোম্পানিগুলোর তথ্য গোপনের সুযোগ বন্ধ করা হবে বলে জানান তিনি।
আইডিআরএতে ঘুষ লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা কিংবা কোম্পানির বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন আইডিআরএ চেয়ারম্যান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন