ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার অভিযোগে মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসা ছয় প্রার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।
ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অফিস সহায়ক পদে প্রিলিমিনারি পরীক্ষা গত ১১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা ১৫ মে অনুষ্ঠিত হয়। শুক্রবার ৮০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছিল।
মৌখিক পরীক্ষার সময় কয়েকজন প্রার্থীর হাতের লেখা ও মেধা যাচাই করতে গিয়ে অসঙ্গতি ধরা পড়ে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে ছয় প্রার্থী প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এরপর তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মো. রবিউল, রংপুরের মিঠাপুকুর উপজেলার মো. আসাদুজ্জামান খান, বগুড়ার সোনাতলা উপজেলার মো. রাকিব হাসান ও মো. শুভ মিয়া, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মো. রাকিবুল হাসান এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মো. সবুজ ইসলাম।
ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে শুক্রবার রাতে ছয় প্রার্থীকে বাংলাদেশ সচিবালয় থেকে শাহবাগ থানায় নেওয়া হয়।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন