শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জব্দ করা মদের সিজার মূল্য ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।
শনিবার (২৯ আগস্ট) নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ী এবং ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই সীমান্ত এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ওই দুই এলাকায় পৃথক অভিযান চালায় বিজিবি। এ সময় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিলেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মদগুলো ফেলে পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় মোট ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, মাদক নির্মূলে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ও কঠোরতা অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন