ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এনসিপির সাংগঠনিক সমন্বয় সভাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা জানিয়েছেন দলটির নেতারা।
এদিকে, সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবিতে শুক্রবার রাতে শহরে বিক্ষোভ ও গণসমাবেশ করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
সংগঠনটির নেতারা জানিয়েছেন, তাদের দাবি মানা না হলে শনিবার বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেন, শনিবার বিকেল ৪টায় পূর্বনির্ধারিত সময় অনুযায়ী জেলা শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। সভায় কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
অন্যদিকে, কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা আব্দুল খালেক বলেন, হাসনাত আব্দুল্লাহ সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার জন্য তাকে লাইভে এসে, সংসদের পরবর্তী অধিবেশনে এবং জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান তিনি।
তিনি বলেন, দাবি পূরণ না হওয়ায় শনিবার বিকেল ৩টায় শিল্পকলা একাডেমিতে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তবে জেলা প্রশাসন জানিয়েছে, শিল্পকলা একাডেমিতে কোনো কর্মসূচি অনুষ্ঠিত হবে না।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, এনসিপি একটি অনুষ্ঠানের জন্য আবেদন করেছিল। কিন্তু অনুষ্ঠান ও রাজনৈতিক কর্মসূচি এক বিষয় নয়। এ কারণে ভেন্যু বাতিল করা হয়েছে। কওমি ছাত্র ঐক্য পরিষদও কোনো আবেদন করেনি। ফলে শিল্পকলায় কোনো কর্মসূচি হবে না। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় হাসনাত আব্দুল্লাহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের সমালোচনা করেন। তার ওই বক্তব্যের পর থেকেই ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ কর্মসূচি শুরু হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন