রাঙামাটিতে পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতুটি পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুটিতে চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।
শনিবার (২৯ আগস্ট) দুপুর থেকে ঝুঁকি এড়াতে সেতুটিতে পর্যটকদের প্রবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গত কয়েক দিনের প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়ছে। এর ফলে হ্রদের ওপর নির্মিত ঝুলন্ত সেতুটির পাটাতন পানিতে ডুবে গেছে। বর্তমানে সেতুটির বড় একটি অংশ পানির নিচে থাকায় পর্যটকদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্যমতে, বর্তমানে হ্রদে পানির পরিমাণ ১০৫ দশমিক ৫৪ এমএলএম। এ পানি দিয়ে কেন্দ্রটির পাঁচটি ইউনিটে মোট ২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
প্রতি বছর বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেলে ঝুলন্ত সেতুটি পানিতে তলিয়ে যায়। এবারও একই পরিস্থিতি তৈরি হওয়ায় সেতুটি দেখতে আসা দূর-দূরান্তের পর্যটকদের অনেকে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সেতুতে পর্যটকদের চলাচল বন্ধ করা হয়েছে। হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেতুতে পর্যটকদের প্রবেশ ও চলাচল বন্ধ থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন