বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা প্রায় ৮১ মেট্রিক টন ডুপ্লেক্স বোর্ড নির্ধারিত গন্তব্য খুলনায় না নিয়ে পুরান ঢাকার নয়াবাজারে নেওয়ার অভিযোগে ১০টি ট্রাক জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
শনিবার (২৯ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা ৮১ মেট্রিক টন ডুপ্লেক্স বোর্ডবোঝাই ১০টি ট্রাক জব্দ করা হয়। এসব পণ্যের নির্ধারিত গন্তব্য ছিল খুলনা। তবে সেখানে না গিয়ে ট্রাকগুলো ঢাকার পুরান নয়াবাজার এলাকায় প্রবেশ করে।
নয়াবাজারের একটি আড়তে ডুপ্লেক্স বোর্ডগুলো বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এর আগেই কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করেন।
সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম থেকে খুলনাগামী স্বাভাবিক বাইপাস রুট হলো কাঁচপুর–সাইনবোর্ড–পোস্তগোলা–মাওয়া এক্সপ্রেসওয়ে–পদ্মা সেতু। কিন্তু জব্দ হওয়া ট্রাকগুলো ওই রুটে না গিয়ে পুরান ঢাকার নয়াবাজারে প্রবেশ করে।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে বহরের একটি ট্রাক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে ওই ট্রাকটিও আটক করা হয়।
বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা পণ্য নির্ধারিত গন্তব্যের বাইরে নিয়ে গিয়ে বিক্রির চেষ্টা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন