বরগুনা সদর উপজেলায় নারিকেল গাছ থেকে ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন দবির নামে এক ব্যক্তি। পরে আহত অবস্থায় সাহায্যের জন্য বাড়ির মালিককেই ডাক দেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শনিবার (২৯ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার দক্ষিণ বরগুনা এলাকায় বেলাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বেলাল হোসেনের বাড়ির একটি নারিকেল গাছে উঠে ডাব চুরি করছিলেন দবির। তিনি করাত দিয়ে কয়েকটি ডাব কাটেন এবং সেগুলো নিচে ফেলেন। এ সময় হঠাৎ গাছে থাকা একটি ভিমরুলের বাসায় আঘাত লাগে।
এরপর ভিমরুলের দল দবিরকে আক্রমণ করে। ভিমরুলের কামড়ে আতঙ্কিত হয়ে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি।
পরে মাটিতে পড়ে থাকা অবস্থায় বাড়ির বাসিন্দাদের উদ্দেশে সাহায্যের জন্য ডাকাডাকি করতে থাকেন দবির। তার চিৎকার শুনে বাড়ির লোকজন বাইরে এসে গাছের নিচে তাকে পড়ে থাকতে দেখেন। এ সময় তার পাশে কাটা ডাবও পড়ে ছিল।
বাড়ির মালিক বেলাল হোসেন জানান, সকালে ঘুম থেকে ওঠার পর তারা দবিরের ডাক শুনতে পান। বাইরে এসে গাছের নিচে তাকে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি সদর থানায় জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দবিরকে উদ্ধার করে। গুরুতর আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বরগুনা সদর থানার উপপরিদর্শক (এসআই) শামীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছের নিচে পড়ে থাকা দবির নামে একজনকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত থাকায় তাকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন