মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিরোধী দলের ১১ জন সংসদ সদস্য এ রিট আবেদন করেন বলে জানিয়েছেন তাঁদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে।
আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ২০০১ সালেও একইভাবে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সে সময় হাইকোর্টে রিট আবেদন করা হয়।
তিনি জানান, ওই মামলায় হাইকোর্ট বিভাগ দায়িত্ব বণ্টনসংক্রান্ত সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন।
শিশির মনির আরও বলেন, রুলস অব বিজনেস, বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের পূর্ববর্তী রায়ের আলোকে এ ধরনের দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্বের বাইরে এবং বেআইনি।
এ কারণে বর্তমান সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন