পটুয়াখালীর বাউফলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে রোববার (৩০ আগস্ট) এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না; আগেই জনসচেতনতা সৃষ্টি করতে হবে। বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে পারলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।
পরে প্রধান অতিথি হাতে গ্লাভস পরে ডেঙ্গুর লার্ভা ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে ড্রেনে ওষুধ ছিটানোর কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি নিজ হাতে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. নুরজাহান, ডা. তাসরিফ, ডা. জান্নাতুন নেয়ামা, হেড ক্লার্ক মো. রিয়াজ, ফার্মাসিস্ট মো. জহিরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচি থেকে ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন