‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে মাদকবিরোধী আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে পিরোজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এমিনেন্ট বয়েজ’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে বৃক্ষরোপণ করা হয়। পরে জেলা পরিষদের হলরুমে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত, জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. ইব্রাহিম খলিল, উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. জাকির হোসেন হাওলাদার এবং এমিনেন্ট বয়েজের সদস্য সচিব শেখ রিয়াজ উদ্দিন রানা।
এমিনেন্ট বয়েজের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুরঞ্জন চক্রবর্তী।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর সামাজিক প্রভাব তুলে ধরেন। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
এ সময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্বও তুলে ধরা হয়। একটি সবুজ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন