স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২১ সেপ্টেম্বর) এ বিষয়ে আদেশ কার্যকর হওয়ার পর জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
এর আগে গত ৯ সেপ্টেম্বর জামিন প্রশ্নে জারি করা রুল মঞ্জুর করে হাবিবুল আউয়ালকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতের কার্যতালিকাতেও মামলাটি ‘Absolute’ হিসেবে উল্লেখ রয়েছে।
আদালতে হাবিবুল আউয়ালের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক, এস এম শাহজাহান ও সারা হোসেন। তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. তায়্যিব-উল-ইসলাম সৌরভ ও সৈকত ভৌমিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুল করিম মন্ডল।
এর আগে গত ২৮ জুন হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। অধস্তন আদালতে জামিন আবেদন নাকচ হওয়ার পর তিনি হাইকোর্টে আবেদন করেছিলেন।
গত বছরের ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
২০২৫ সালের ২২ জুন শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী তিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় সাবেক তিন সিইসিসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে সাবেক নির্বাচন কমিশনার, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামও রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন