জাতিসংঘের প্রতি বিশ্বের আস্থা ও বিশ্বাস অনেকটাই হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছে নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এ মন্তব্য করেন তিনি। বিষয়টি নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও প্রতিবেদন প্রকাশ করেছে।
আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত এবং পরবর্তী ঘটনাপ্রবাহের মধ্যে এমন সময়ে তাঁর নিউইয়র্ক সফর হচ্ছে, যখন পরিস্থিতি কার্যত যুদ্ধাবস্থার মতো। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক এ গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে ইরানের জনগণের বৈধতা, অধিকার ও স্বার্থ তুলে ধরাই তাঁর প্রধান লক্ষ্য বলে জানান তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় ব্যর্থতার কারণে জাতিসংঘের প্রতি মানুষের আস্থা ও প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারের সাধারণ অধিবেশনের প্রতিপাদ্য ‘আস্থা পুনরুদ্ধার’ উল্লেখ করে তিনি বলেন, এই প্রতিপাদ্যই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের কার্যকারিতা নিয়ে বিদ্যমান উদ্বেগের প্রতিফলন।
আরাঘচির অভিযোগ, কিছু দেশ নিজেদের ইচ্ছামতো কর্মকাণ্ড পরিচালনার অধিকার রাখে বলে মনে করে। তারা আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক আইন এবং মানবিক মূল্যবোধকে উপেক্ষা করে নিজেদের ও মিত্রদের জবাবদিহিতার বাইরে রাখছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, এর ফলে ইসরায়েলকে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে এবং পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো, যারা নিজেদের মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের রক্ষক হিসেবে উপস্থাপন করে, তারা এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা যুদ্ধ, আন্তর্জাতিক নিরাপত্তা, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাতসহ বিভিন্ন বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা করবেন। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও অধিবেশনে অংশ নিচ্ছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন