পাকিস্তানের জামায়াতে ইসলামীর পেট্রোলিয়াম লেভিবিরোধী লংমার্চ মুলতানে পৌঁছানোর পর দলটির আমির হাফেজ নাঈমুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জামায়াতের এক মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী দেশে ফিরে না আসা পর্যন্ত ইসলামাবাদ অভিমুখী চলমান লংমার্চ স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন।
জামায়াতের আমির মুলতানে পৌঁছানোর পর এ ফোনালাপ হয়। দলটির মুখপাত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, শেহবাজ শরিফ পাকিস্তানে ফিরে পেট্রোলিয়াম লেভি নিয়ে জামায়াতের সঙ্গে অর্থবহ আলোচনায় বসার আগ্রহও প্রকাশ করেছেন।
জবাবে হাফেজ নাঈম প্রধানমন্ত্রীকে জানান, সরকারের সঙ্গে সংঘাত বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কোনো ইচ্ছা জামায়াতের নেই। তবে সাধারণ মানুষের উদ্বেগ তুলে ধরতেই তারা রাজপথে নেমেছেন এবং প্রতিবাদের অধিকারকে সরকারকে সম্মান করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
জামায়াতের আমির বলেন, প্রধানমন্ত্রীর অনুরোধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ ‘শূরা’র সঙ্গে পরামর্শ করা হবে। সরকারের অনুরোধে লংমার্চ স্থগিত করা হলেও প্রতিবাদের অধিকার থেকে দল সরে আসবে না বলেও জানান তিনি।
পেট্রোলিয়াম লেভি বাতিলের দাবিতে গত রোববার করাচি থেকে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু করে জামায়াতে ইসলামী। প্রথম ধাপে ট্রেনে মুলতান পর্যন্ত যাওয়ার পর সেখান থেকে সড়কপথে লাহোর হয়ে ইসলামাবাদের দিকে যাওয়ার কর্মসূচি রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন