গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই জেনারেলসহ ১৪ জন নিহত হয়েছেন।
শুক্রবার দেশটির সামরিক বাহিনী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিকউইট শহর থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে যাওয়ার সময় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
পরে বিমানটি কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গে এলাকায় জরুরি অবতরণের চেষ্টা করে। তবে সেখানে কোনো রানওয়ে না থাকায় বিমানটি একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়।
কঙ্গো সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেনগে এবং কোয়াঙ্গোর ডেপুটি গভর্নর রেমি সাকি বোকিন্দা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন।
বিমানটিতে আগুন ধরে যাওয়ায় নিহতদের মধ্যে ১২ জনের মরদেহ এতটাই পুড়ে যায় যে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ধ্বংসাবশেষের বাইরে পাইলটের মরদেহও উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি সরকারি প্রতিনিধিদলের সদস্য এবং কয়েকজন বেসামরিক নাগরিক ছিলেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
মধ্য আফ্রিকার খনিজসমৃদ্ধ দেশ ডিআর কঙ্গোতে দীর্ঘদিন ধরে বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে আসছে দেশটির সেনাবাহিনী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন