দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতি বছরই বাংলাদেশের পদ্মার ইলিশের চাহিদা বেড়ে যায় ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায়। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে তাই বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মাছ আমদানিকারকরা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে ইলিশ রপ্তানির সুযোগ পুনরায় চালুর আবেদন জানিয়েছে কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।
চিঠিতে সংগঠনটি জানায়, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করে আসছেন তারা। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করার পর থেকেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন আমদানিকারকরা।
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে মাত্র এক মাসের জন্য বিশেষ অনুমতিতে ইলিশ রপ্তানি করা হচ্ছে। তবে সীমিত সময়ের এই ব্যবস্থা ব্যবসায়িকভাবে প্রত্যাশিত ফল দিচ্ছে না।
চিঠিতে দুই বাংলার অভিন্ন সংস্কৃতি, ভাষা ও খাদ্য ঐতিহ্যের বিষয়টি তুলে ধরে বলা হয়, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার মানুষের কাছে বাংলাদেশের পদ্মার ইলিশ অত্যন্ত জনপ্রিয়।
এ অবস্থায় ইলিশ রপ্তানির ওপর থেকে স্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ভারতের মাছ আমদানিকারকদের সংগঠন। তাদের দাবি, বিশেষ করে দুর্গাপূজার আগে বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্ত পশ্চিমবঙ্গসহ ভারতের ইলিশপ্রেমীদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন