ভারতের নাগাল্যান্ডে সন্দেহভাজন বিষাক্ত বা ভেজাল মদপানে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
পুলিশ জানিয়েছে, রাজ্যের মোককচুং জেলায় আটজন এবং তুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর কারণ তদন্ত এবং সন্দেহভাজন অবৈধ মদের উৎস ও সরবরাহ চক্র শনাক্ত করতে বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে।
সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ ভেসুপ্রা কেজো জানান, অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে এসআইটি গঠন করা হয়েছে। তদন্তের পাশাপাশি দলটি অবৈধ মদের সরবরাহ চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করবে।
মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে সন্দেহভাজন মদের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তে কিছু সূত্র পাওয়া গেলেও এ বিষয়ে বিস্তারিত জানানোর মতো পর্যায়ে এখনো পৌঁছানো যায়নি।
ঘটনার পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব অভিযানে প্রায় ৩ হাজার বোতল মদ জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯০ সাল থেকে নাগাল্যান্ডে মদ নিষিদ্ধ আইন কার্যকর রয়েছে। পুলিশ সাধারণ মানুষকে অজ্ঞাত, লেবেলবিহীন বা সন্দেহভাজন অবৈধ মদ পান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। মদ পান করার পর মাথা ঘোরা, ঝাপসা দেখা, শ্বাসকষ্ট বা অচেতন হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন