যুক্তরাষ্ট্রে অভিবাসীদের উদ্দেশে ‘নিজেদের দেশে ফিরে যান, নতুবা পরিণতির জন্য প্রস্তুত থাকুন’—এমন বার্তা দেওয়া একটি প্রচারণামূলক পোস্টার ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘ট্রান্সফর্মার্স’-এর আদলে তৈরি পোস্টারটিতে ‘মি. সিং’ নাম ব্যবহার করে ভারতীয় ও দক্ষিণ এশীয়দের নিশানা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পোস্টারটিতে লেখা রয়েছে, ‘আমাদের রাস্তা থেকে সরে যান। মি. সিং, আপনি কীভাবে গাড়ি চালাতে হয় তা জানেন না।’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী নীতির মধ্যে এমন প্রচারণা সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্টে পোস্টারটির সমর্থনে বক্তব্য দিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। বিভাগটি জানিয়েছে, শত্রুভাবাপন্ন মনোভাব নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের প্রতিহত করা হবে। একই সঙ্গে অবৈধ অভিবাসনসংক্রান্ত তথ্য দিতে একটি হেল্পলাইন নম্বরও বিজ্ঞাপনে দেওয়া হয়েছে।
এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। সংগঠনটি পোস্টারটিকে অন্যায্য জাতিগত প্রোফাইলিং হিসেবে উল্লেখ করে এফবিআইয়ের তদন্ত দাবি করেছে। পাশাপাশি ‘ট্রান্সফর্মার্স’ সিরিজের ব্যবহার নিয়ে সংশ্লিষ্ট পরিবেশক প্যারামাউন্ট পিকচার্সকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
পোস্টারটির নিন্দা জানিয়েছেন ফক্স সেভেন নিউজের সংবাদ পাঠক অ্যালেক নোলা। তিনি এটিকে ‘সিং’ পদবিধারী মানুষের জন্য অপমানজনক বলে মন্তব্য করেন। নিজের দাদা ও প্রপিতামহের যুক্তরাষ্ট্রে কর্মজীবনের ঐতিহাসিক প্রসঙ্গ তুলে ধরে তিনি সরকারের এই প্রচারণাকে বর্ণবাদী ও নিম্নমানসিকতার পরিচয় বলে অভিহিত করেন।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এই প্রচারণা তাদের ‘সিবিপি হোম’ কর্মসূচির অংশ। এই কর্মসূচির আওতায় স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করতে ইচ্ছুক অবৈধ অভিবাসীদের দেশে ফেরার যাত্রা খরচের পাশাপাশি অতিরিক্ত ২ হাজার ৬০০ ডলার দেওয়ার কথা রয়েছে।
সূত্র: টাইমস নাউ
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন