সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে দুটি গাড়ির সংঘর্ষে একই পরিবারের সাত সদস্যসহ মোট নয়জন নিহত হয়েছেন।
সৌদি সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, নিহত সাতজন একই গাড়িতে ছিলেন। তাদের মধ্যে স্বামী-স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে ছিলেন। অন্য গাড়িতে থাকা দুই তরুণও দুর্ঘটনায় প্রাণ হারান।
শনিবার সন্ধ্যায় আল-আহসা গভর্নরেটের আল-উকাইর-আল-উয়ুন সড়কে এ দুর্ঘটনা ঘটে। পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগ জানিয়েছে, একটি গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করলে বিপরীত দিক থেকে আসা অপর গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে সৌদি সিভিল ডিফেন্স, ট্রাফিক বিভাগ ও সৌদি রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। গাড়ির ভেতরে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালানো হলেও শেষ পর্যন্ত দুই গাড়িতে থাকা নয়জনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।
আল-উকাইর-আল-উয়ুন সড়কটি পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। এটি আল-আহসা গভর্নরেটের বিভিন্ন এলাকা ও উপকূলীয় অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে।
সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ৬০ শতাংশের বেশি কমেছে। তবে একই প্রতিবেদনে নিরাপদ দূরত্ব বজায় না রাখা ও হঠাৎ দিক পরিবর্তনকে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আল-আহসার সর্বশেষ এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে একটি গাড়ির হঠাৎ দিক পরিবর্তনকে কারণ হিসেবে উল্লেখ করা হলেও, কেন গাড়িটি দিক পরিবর্তন করেছিল তা বিস্তারিত জানানো হয়নি। নিহতদের পরিচয়ও কর্তৃপক্ষ প্রকাশ করেনি।
সূত্র: জিও নিউজ ও গালফ নিউজ
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন