ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফের বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সোমবার খামিস মুশাইত শহরের কিং খালিদ বিমানঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। হামলার পর খামিস মুশাইতসহ দক্ষিণাঞ্চলের আরও তিনটি শহরে জরুরি সতর্কতা জারি করে সৌদি কর্তৃপক্ষ।
হামলার দায় স্বীকার করে হুতিরা জানায়, কিং খালিদ বিমানঘাঁটিতে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইয়েমেনে সৌদি আরবের ধারাবাহিক বিমান হামলার জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
হুতিদের বিবৃতিতে বলা হয়, হামলায় বিমানঘাঁটির রানওয়ে, রাডার ব্যবস্থা, অস্ত্রাগার ও উড়োজাহাজের হ্যাঙ্গারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে ইয়েমেনের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রা ঠেকাতে করণীয় নিয়ে রিয়াদে জরুরি আলোচনা চলার সময়ই এই হামলার ঘটনা ঘটে।
এদিকে সৌদি আরবে হামলার পাশাপাশি লোহিত সাগরসংলগ্ন ইয়েমেনের উপকূলীয় এলাকাগুলোতেও নিজেদের সামরিক অবস্থান আরও শক্তিশালী করছে হুতিরা বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এতে ওই অঞ্চলে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন