কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ‘প্রিডেটর’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সোমবার দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দেশীয় প্রযুক্তিতে তৈরি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি শনাক্ত করার পর ধ্বংস করা হয়েছে।
ইরানি বাহিনীর দাবি, হরমুজ প্রণালীর আকাশে মার্কিন সামরিক বাহিনীর আরও একটি এমকিউ-১ ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। আইআরজিসির জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন বিমান ও নৌবাহিনী দীর্ঘদিন আগেই এমকিউ-১ প্রিডেটরের ব্যবহার বন্ধ করে আরও আধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন ব্যবহার শুরু করেছিল। তবে আঞ্চলিক সংঘাতে এমকিউ-৯ রিপারের বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণে যুক্তরাষ্ট্র পুরোনো এমকিউ-১ প্ল্যাটফর্ম আবার ব্যবহার করছে বলে দাবি করেছে আইআরজিসি।
তবে ইরানের সর্বশেষ এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ড্রোনটি ভূপাতিত হওয়ার দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় এই জলপথে সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক নৌ চলাচল নিয়েও উদ্বেগ তৈরি করেছে।
রয়টার্সের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বেড়েছে।
আইআরজিসির সর্বশেষ ড্রোন ভূপাতিতের দাবি এমন এক সময়ে সামনে এলো, যখন হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন