রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলায় ‘সেভ রংপুর’ নামে একটি নতুন অ্যাপের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ‘সেভ রংপুর’-এর প্রতিষ্ঠাতা আল মামুন সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার জোবায়ের ইসলাম এবং রংপুর মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ।
অ্যাপটির প্রতিষ্ঠাতা আল মামুন বলেন, রংপুরে মাদক কারবারসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। অনেক ক্ষেত্রে অপরাধীদের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্ক থাকায় সাধারণ মানুষ অভিযোগ করতে ভয় পান। এ কারণে ‘সেভ রংপুর’ অ্যাপটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা নিজেদের পরিচয় গোপন রেখে আশপাশে ঘটে যাওয়া অপরাধের বিষয়ে অভিযোগ জানাতে পারেন।
রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অ্যাপটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন। এর মাধ্যমে রংপুরবাসীর করা অভিযোগ সরাসরি পুলিশ ও প্রশাসনের কাছে পৌঁছাবে এবং অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।
তিনি আরও বলেন, কোনো অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তি যতই প্রভাবশালী হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন