ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৬ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সংশ্লিষ্টদের কাছে পাঠানো চিঠিতে জানিয়েছেন, ১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। এতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবও উপস্থিত থাকবেন।
সভায় জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব, মহাপুলিশ পরিদর্শক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি ও র্যাবের মহাপরিচালক এবং এসবি, ডিবি ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার শূন্য আসনের উপনির্বাচন এবং আসন্ন ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হবে।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া চলতি মাসে তফসিল ঘোষণা করে নভেম্বর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন