গঙ্গা নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তি নবায়নের পরিবর্তে নতুন চুক্তি করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি ‘গ্যারান্টি ক্লজ’ বা নিশ্চয়তা ধারা অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেশের নদীগুলোর ওপর পড়ছে। নদী দূষণের প্রকৃত কারণ চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, রাজধানীর পাশ দিয়ে প্রবাহিত বুড়িগঙ্গা নদী এখনও বড় একটি চ্যালেঞ্জ। নদী রক্ষায় দূষণের উৎস চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার বর্জ্য তৈরি হয়। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্য নদীতে গিয়ে পড়ে। এর ফলে প্রতিবছর দেশের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে।
গঙ্গা পানি বণ্টন নিয়ে ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছরের চুক্তি হয়েছিল। চুক্তিটির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। নতুন চুক্তিতে বাংলাদেশের স্বার্থ সুরক্ষা এবং পানির নিশ্চয়তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন