ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর এবার গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সরোয়ার হোসাইনকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আমিনুল হক বাপ্পীকে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। একই আদেশে আরও কয়েকজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের দায়িত্বে রদবদল করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। অন্যদিকে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সারোয়ার হোসাইনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।
এর আগে ১১ সেপ্টেম্বর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়। ওই ঘটনার পাঁচ দিন পর ১৬ সেপ্টেম্বর গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদ ও গুলশান থানার ওসি মো. দাউদ হোসাইনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। ডিএমপি তখন দুই কর্মকর্তাকে প্রশাসনিক কারণে প্রত্যাহারের কথা জানিয়েছিল।
এদিকে ১১ সেপ্টেম্বরের ওই মিছিলের ঘটনায় শনিবার পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন