জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এবারের সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি তুলনামূলক ছোট প্রতিনিধিদল রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম জাতিসংঘ সফর এবং সাধারণ পরিষদের বিশ্বমঞ্চে তাঁর প্রথম ভাষণ। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্বশান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন।
বিশেষ করে রোহিঙ্গা সংকট ও তাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে গুরুত্বের সঙ্গে তুলে ধরার কথা রয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়ও তাঁর বক্তব্যে গুরুত্ব পাবে।
সফরকালে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য-বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া অর্থনৈতিক কূটনীতিতেও গুরুত্ব দিচ্ছে সরকার। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ওয়াল স্ট্রিট ও মেটাসহ বিভিন্ন ব্যবসা ও প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।
নিউইয়র্কের কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন