জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো লুইজ আইকার ভিয়েইরার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (২৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমবর্ধমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন তারা।
এ ছাড়া উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব নিয়েও আলোচনা হয়। নতুন ও উদীয়মান বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাব্য উপায় নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে।
বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং দুই দেশের প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও গভীর করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন