আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠন করছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য সেনাবাহিনীসহ ১৬টি মন্ত্রণালয়, বিভাগ, বাহিনী ও সংস্থাকে অভিজ্ঞ প্রতিনিধি মনোনয়নের জন্য চিঠি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩ নম্বর ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার শূন্য আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ ২৯ অক্টোবর নির্ধারণ করে গত ১০ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে ‘আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটি’ গঠন করা হবে। এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে মনিটরিং সেলটি গঠন করা হবে।
ইসি চিঠিতে উপসচিব, মেজর বা পুলিশ সুপার সমমর্যাদার নিচে নয়—এমন অভিজ্ঞ প্রতিনিধি মনোনয়ন দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করেছে।
মনোনীত কর্মকর্তাদের নিজ নিজ বাহিনীর সংগঠন, চেইন অব কমান্ড ও মোতায়েনসংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতার পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী প্রতিনিধিদের সঙ্গে দ্রুত যোগাযোগ ও তথ্য আদান-প্রদানে সক্ষম হতে হবে। একই সঙ্গে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন শনাক্ত ও মোকাবিলায় প্রযুক্তিগত জ্ঞান থাকা প্রয়োজন বলে জানিয়েছে ইসি।
আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেলের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন লে. কমান্ডার মো. সাদমান রাফি (এক্স), উপ-প্রকল্প পরিচালক, মনিটরিং ও ইভ্যালুয়েশন শাখা, আইডিইএ প্রকল্প (২য় পর্যায়)।
ইসির চিঠি সেনাবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ সদর দপ্তর, আইন ও বিচার বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বিজিবি, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, র্যাব, বিটিআরসি, এসবি, সিআইডি এবং ডিএমপির গোয়েন্দা বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
উপনির্বাচনের সময়সূচি
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন