প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বর্তমানে প্রতি লিটার ডিজেলে সরকারের প্রায় ৮৯ টাকা লোকসান হচ্ছে। এতে শুধু ডিজেল খাতেই প্রতিদিন সরকারের লোকসান হচ্ছে প্রায় ১০৯ কোটি টাকা। বছর শেষে এ লোকসানের পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকা হতে পারে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি টাকা লোকসান মেনে দেশে তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে ধারাবাহিক লোকসান কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেল পাচারের ঝুঁকি এড়াতে সরকারকে দাম পুনর্নির্ধারণ বা সমন্বয় করতে হয়েছে।
নতুন নির্ধারিত দরে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা করা হয়েছে।
তথ্য উপদেষ্টা জানান, কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম বর্তমানে ১৩৪ টাকা ৭৬ পয়সা, মিয়ানমারে ১৬৪ টাকা ৮৩ পয়সা, নেপালে ১৬১ টাকা ২৪ পয়সা, শ্রীলঙ্কায় ১৭৯ টাকা ৪২ পয়সা, থাইল্যান্ডে ১৫১ টাকা ২২ পয়সা এবং পাকিস্তানে ১৮৫ টাকা ৪৮ পয়সা। বাংলাদেশের তুলনামূলক কম দামের কারণে সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচারের ঝুঁকি তৈরি হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি লিটারে ২০ টাকা দাম সমন্বয় করায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বার্ষিক লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে।
এদিকে জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমাতে ২০৩০ সালের মধ্যে দেশে ১৫০টি কূপ খননের পরিকল্পনার কথাও জানান ডা. জাহেদ উর রহমান। এর অংশ হিসেবে গত ১৯ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ নম্বর কূপ উদ্বোধনের মাধ্যমে জাতীয় গ্রিডে দৈনিক আরও ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
তিনি আরও জানান, ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) অধীন এলাকাগুলো থেকে দৈনিক প্রায় ২৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন