ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও শহীদ মিনার আবাসিক এলাকার সড়ক এবং টিএসসি এলাকায় পৃথক তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে প্রথমে জগন্নাথ হল ও শহীদ মিনার আবাসিক এলাকার সড়কে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনার পরপরই ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও পুলিশ সদস্যরা উপস্থিত হন। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীস পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরণের শব্দ তিনিও শুনেছেন। হলের দারোয়ান তাকে জানিয়েছেন, ঘটনাটি হলের মূল গেটের বাইরের সড়কে ঘটেছে।
বিস্ফোরণের পর হলের নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে প্রাধ্যক্ষ বলেন, বহিরাগতদের হলের ভেতরে প্রবেশ ঠেকাতে নিরাপত্তার দায়িত্বে থাকা হাউস টিউটরকে নির্দেশ দেওয়া হয়েছে।
কারা এ ঘটনা ঘটিয়েছে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। প্রাধ্যক্ষ জানান, বিস্ফোরণটি হলের বাইরের সড়কে হওয়ায় এবং দারোয়ানরা হলের ভেতরে থাকায় জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে, ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে রাত ১১টা ২০ মিনিটে টিএসসি থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন