দুই দফা জানাজা শেষে কুমিল্লা কোটবাড়ির বাগমারা গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাগমারা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন মাঠে মসজিদের সামনে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাগমারা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্বজন ও স্থানীয় বাসিন্দাসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
জানাজা শেষে অপ্রতিমের বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার কান্নাজড়িত কণ্ঠে ছেলের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।
তিনি বলেন, ‘আমার আর নতুন করে কিছু বলার নেই। আমি শুধু আমার সন্তান হত্যার উপযুক্ত বিচার দেখতে চাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এখনো আমার পূর্ণ আস্থা আছে। তবে সামান্য একটি আইফোনের জন্য আমার ছেলেকে এভাবে হত্যা করা হয়েছে—এ কথা আমার মন কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না।’
তিনি আরও বলেন, ‘আমার মাত্র ১৩ বছর বয়সী নিষ্পাপ ছেলেটা কোনো অপরাধ করেনি। তবে কেন তাকে এভাবে প্রাণ দিতে হলো? এই মুহূর্তে আমি শুধু ঘাতকদের কঠোর বিচার চাই।’
ছেলের বন্ধুদের প্রসঙ্গ তুলে অপ্রতিমের বাবা বলেন, যাদের সঙ্গে তার ছেলে গিয়েছিল, তাদের সে নিজের বন্ধু মনে করে বিশ্বাস করেছিল। বন্ধুদের সঙ্গে হাসিমুখে পাহাড়ের দিকে গিয়েছিল অপ্রতিম। কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিয়েই তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় অপ্রতিম।
পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তুহিন নামে এক তরুণকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ফাহিম ও আনাস নামে আরও দুজনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন