চলমান বৈশ্বিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্য সংকটের কারণে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালন করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। এবার প্রতিটি পূজামণ্ডপে চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে বলেও জানান তিনি।
রাতের শেষভাগে মণ্ডপগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, মাদক, অস্ত্র ও পটকাবাজি প্রবেশ ঠেকাতেও সর্বোচ্চ সতর্ক থাকার জন্য বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ১ অক্টোবর থেকে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে বিশেষ তল্লাশি চালানো হবে। পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার পূজামণ্ডপে আলোকসজ্জা সীমিত রাখার আহ্বান জানান তিনি।
সভায় জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন ঘোষসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সভায় জানানো হয়, যশোরে এবার ৭৩৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর এ সংখ্যা ছিল ৭০৯টি। অর্থাৎ এবার ২৮টি মণ্ডপ বেড়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন