বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন। একজন সরকারি কর্মচারী সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা পাবেন। অর্থাৎ দুই সন্তান বিশেষ চাহিদাসম্পন্ন হলে মাসে মোট ৬ হাজার টাকা ভাতা পাওয়া যাবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রকাশিত ‘চাকরি (বেতন-ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক গেজেটে এ সুবিধার কথা উল্লেখ করা হয়েছে।
গেজেট অনুযায়ী, দুইয়ের বেশি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলেও সর্বোচ্চ দুই সন্তানের জন্যই ভাতা দেওয়া হবে। একই সন্তানের জন্য একাধিক সরকারি ভাতা একসঙ্গে গ্রহণ করা যাবে না। ভাতার অর্থ বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের মা অথবা বাবার ব্যাংক হিসাবে প্রদান করা হবে।
নবম জাতীয় পে-স্কেলের আওতায় প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সোয়া ৯ লাখ পেনশনভোগী সুবিধা পাবেন। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে কতজন সরকারি চাকরিজীবীর বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে, সেই তথ্য আলাদাভাবে সংরক্ষিত নেই। তবে ভবিষ্যতে এ তথ্য অর্থ বিভাগের সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার (আইবাস) ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, এ ভাতা বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের চিকিৎসা, শিক্ষা, থেরাপি ও পরিচর্যার ব্যয়ের একটি অংশ মেটাতে পরিবারগুলোকে সহায়তা করবে।
তবে ভাতা পাওয়ার জন্য কী কী শর্ত পূরণ করতে হবে, বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান হিসেবে স্বীকৃতির ক্ষেত্রে কোন ধরনের সনদ বা নথি প্রয়োজন এবং কীভাবে আবেদন করতে হবে—এসব বিষয় সংশ্লিষ্ট দপ্তরের বিধি ও প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন