সড়ক দুর্ঘটনা কমানো ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল ও গাড়িচালকদের জন্য ১২টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
নির্দেশনায় মোটরসাইকেল চালক ও আরোহী উভয়কেই হেলমেট ব্যবহারের কথা বলা হয়েছে। মোটরসাইকেলে চালকসহ সর্বোচ্চ দুজন চলাচল করতে পারবেন। গাড়ির চালক ও যাত্রীদের সিটবেল্ট ব্যবহার নিশ্চিত করারও পরামর্শ দেওয়া হয়েছে।
গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা এবং অহেতুক হর্ন বাজানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি নির্ধারিত গতিসীমা মেনে চলা ও ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
বড় ও ভারী যানবাহনের ‘ব্লাইন্ড স্পট’ সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি লেন পরিবর্তন বা মোড় নেওয়ার আগে ইন্ডিকেটর ব্যবহারের কথা বলা হয়েছে। একই সঙ্গে সামনের ও পাশের যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালাতে বলা হয়েছে।
কুয়াশা, বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ায় গাড়ির গতি কমিয়ে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে পুলিশ। যানজট বা অন্য কোনো চালকের ভুলের কারণে উত্তেজিত না হয়ে ধৈর্য ধরে মেজাজ নিয়ন্ত্রণে রাখার কথাও বলা হয়েছে।
মাদক সেবন করে, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কিংবা উল্টো পথে গাড়ি চালানো থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে। মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং না করে নির্ধারিত লেন অনুসরণ করার নির্দেশনাও রয়েছে।
এ ছাড়া চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নিজের ও পরিবারের নিরাপত্তার পাশাপাশি সড়কে অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব নির্দেশনা মেনে চলার জন্য চালকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন