নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া এলাকায় মাটির নিচ থেকে নাজু আক্তার (৩৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সাতদিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার সাবেক স্বামী নুরুল আমীনকে (৪০) আটক করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ির পাশের মাঠে মাটি খুঁড়ে নাজু আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গত ১৮ সেপ্টেম্বর নাজু আক্তার নিখোঁজ হন। পরে ২২ সেপ্টেম্বর তার ভাই শুভ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ নাজু আক্তারের সাবেক স্বামী নুরুল আমীনকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নাজুকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর মরদেহ মাটিতে পুঁতে রাখার কথা জানান বলে পুলিশ জানিয়েছে।
পরে নুরুল আমীনের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের মাঠে মাটি খুঁড়ে নাজু আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আবুল খায়ের জানান, হত্যাকাণ্ডের কয়েকদিন আগে নাজু আক্তার ও নুরুল আমীনের বিবাহবিচ্ছেদ হয়। জিজ্ঞাসাবাদে নুরুল আমীন ওই বিচ্ছেদের ক্ষোভ থেকে নাজুকে হত্যা করেছেন বলে জানিয়েছেন। নাজু আক্তার ছিলেন নুরুল আমীনের দ্বিতীয় স্ত্রী।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন