রাজশাহীর টি-বাঁধ এলাকায় পদ্মা নদীতে হঠাৎ বড় ঢেউয়ে নৌকা ভেসে যাওয়া ও ক্ষতিগ্রস্ত জেলেদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। নৌকা উদ্ধারের সময় আহত জেলে রিমোন হোসেন ও তার স্ত্রীসহ ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরীর টি-বাঁধ বটতলা এলাকায় ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর হাতে এসব সহায়তা তুলে দেন জেলা প্রশাসক।
জানা গেছে, গত বুধবার রাত ১০টার দিকে রাজশাহীর টি-বাঁধ সংলগ্ন পদ্মা নদীতে হঠাৎ পানির উচ্চতা বেড়ে যায়। এ সময় জলোচ্ছ্বাসের মতো বড় বড় ঢেউ সৃষ্টি হলে তীরবর্তী কয়েকটি মাঝি ও জেলে পরিবার ক্ষতিগ্রস্ত হয়। একটি নৌকা ভেসে যায় এবং আরেকটি নৌকা পানিতে তলিয়ে যায়। নৌকায় থাকা জাল ও মাছ ধরার সরঞ্জামও পানিতে ডুবে যায়।
নৌকা রক্ষা করতে গিয়ে রিমোন হোসেন ও তার স্ত্রী আহত হন। নৌকা হারিয়ে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দুশ্চিন্তায় পড়েন ক্ষতিগ্রস্ত জেলেরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে পবা উপজেলার মধ্যচরে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সহায়তা প্রদানকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী ও নেজারত ডেপুটি কালেক্টর মো. আরিফ হোসেন উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন