রাজবাড়ীর কালুখালীতে মেয়ের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান জানান, নজরুল ইসলামের ছোট মেয়ের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু বেগম, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগমের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।
এর জের ধরে শুক্রবার সকালে নজরুল ইসলামের পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় ইট ও লাঠি দিয়ে আঘাত করা হলে ঘটনাস্থলেই নজরুল ইসলামের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
হামলায় নজরুলের স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনা আহত হয়েছেন। তাদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
পুলিশ এ ঘটনায় গোলাপী বেগমকে আটক করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটক করতে অভিযান চলছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন