রাজশাহীর বাঘায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় রোজিনা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বামী মো. রুবেল হোসেন (৪৪) পলাতক রয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মোমিনুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, রোজিনা খাতুনের বসতবাড়ির শোবার ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা কাঠের বাটসদৃশ দুটি সচল পিস্তল, তিনটি মরিচাধরা খালি ম্যাগাজিন ও পিস্তলের সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে রোজিনা খাতুন ও তার স্বামী রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযানকালে রোজিনাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হলেও রুবেল পালিয়ে যান।
পরে উদ্ধার করা অস্ত্র ও গুলি এবং গ্রেপ্তার রোজিনাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্যমতে, রুবেল হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে তার বিরুদ্ধে এলাকায় পেশিশক্তি প্রয়োগ ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। মাদকসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন