সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে প্রত্যাহার হওয়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়ার তথ্য নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। তিনি জানান, অডিওটির বিষয়ে তদন্তের জন্য ডিএমপি তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিতে ডিবির একজন কর্মকর্তা এবং ডিএমপি সদরদপ্তরের দুজন কর্মকর্তা রয়েছেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের নামে একটি অডিও ছড়িয়ে পড়ে। সেখানে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে পুলিশ কিছুই করতে পারবে না। একইসঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং পুলিশে পদায়নে অর্থ লেনদেনের অভিযোগ নিয়েও কথা বলতে শোনা যায়।
অডিওটি রাকিবুল হাসানেরই কি না, তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। তবে পুলিশ সূত্রগুলো কণ্ঠটি প্রাথমিকভাবে রাকিবুলের বলে শনাক্ত করার কথা জানিয়েছে। অন্যদিকে রাকিবুল নিজে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা আদেশে রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসির দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। আদেশে প্রত্যাহারের কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন