২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ঢাবি উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই সঙ্গে মাকসুদ কামাল, ড. মুহম্মদ জাফর ইকবালসহ পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। রোববার (২০ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
অন্যদিকে, মামলার তিন আসামি—সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ক ম জামাল উদ্দীন ও তানভীর হাসান সৈকত—বর্তমানে কারাগারে রয়েছেন। তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।
এর আগে জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। ১৬ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে অভিযোগটি জমা দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এসব আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগগুলো বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হওয়ার বিষয়টি পরবর্তী ধাপের ওপর নির্ভর করবে।
এদিকে, গাজীপুরে মাদ্রাসার অধ্যক্ষ আল আমিনকে গুমের অভিযোগের মামলায়ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ আমলে নিয়ে সাবেক সিটিটিসি প্রধান আসাদুজ্জামানসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন